জাতীয় মানবাধিকার কমিশন

নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় পদক্ষেপ নিতে ইসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি 

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু, জাতিগত ও অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানবাধিকার ও নাগরিক অধিকার সুরক্ষায় যথাযথ কার্যক্রম গ্রহণ করতে নির্বাচন কমিশন (ইসি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে চিঠি দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কমিশনের পরিচালক বেগম মেহেরুন্নেসা উভয় বিভাগে পৃথক চিঠি পাঠান। চিঠিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক সহনশীলতা এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে বিশেষ করে সংখ্যালঘু, জাতিগত ও অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানবাধিকার ও নাগরিক অধিকার সুরক্ষায় রাষ্ট্র যথাযথ কার্যক্রম গ্রহণ করবে বলে কমিশন চূড়ান্তভাবে বিশ্বাস করে। 

চিঠিতে বলা হয়, বাংলাদেশে জাতীয় ও স্থানীয় নির্বাচনকালীন সময়ে বিভিন্ন গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার প্রতিবেদন পর্যালোচনা করলে দেখা যায়, নির্বাচনকালীন বিশেষত: নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে মানবাধিকার ও নাগরিক অধিকার লঙ্ঘণের ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এসব ঘটনায় সংখ্যালঘু, জাতিগত ও অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষ বিশেষভাবে ক্ষতিগ্রস্থ হয়। এমন প্রেক্ষাপটে তাদের মানবাধিকার ও নাগরিক অধিকার সুরক্ষায় যথাযথ কার্যক্রম গ্রহণ করতে নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।