এবার ইসরায়েলের ভয়ংকর পরিকল্পনার বিরোধিতা করলেন ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম তীর সংযুক্তিকরণের বিরোধিতা করেছেন এবং সেখানে স্থিতিশীলতা চান বলে জানিয়েছেন একজন মার্কিন কর্মকর্তা। ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নিয়ন্ত্রণ আরও জোরদার করার উদ্যোগ নেওয়ার পর এই মন্তব্য আসে।

ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র ইসরায়েলি সরকারের পদক্ষেপগুলোর সরাসরি সমালোচনা থেকে বিরত থাকে। তবে এসব পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক নিন্দার সৃষ্টি করেছে।

ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা সোমবার গভীর রাতে বলেন, ‘প্রেসিডেন্ট যেমনটি স্পষ্ট করে বলেছেন, তিনি ইসরায়েলের পশ্চিম তীর সংযুক্তিকরণকে সমর্থন করেন না।’

ইসরায়েলি পদক্ষেপ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘একটি স্থিতিশীল পশ্চিম তীর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করে এবং শান্তি অর্জনের ক্ষেত্রে এই প্রশাসনের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’

ওয়াশিংটনে বুধবার ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে যাওয়ার আগে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা এই সিদ্ধান্ত অনুমোদন করে। ওই সফরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের চিরশত্রু ইরানের ওপর চাপ বাড়ানোর বিষয়েও আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা ভোটের মাধ্যমে সোমবার পশ্চিম তীরে ইহুদি ইসরায়েলিদের সরাসরি জমি কেনার অনুমতি দেয় এবং যেসব এলাকায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ ক্ষমতা প্রয়োগ করে সেখানে ইসরায়েলের নিয়ন্ত্রণ আরো বিস্তৃত করার সিদ্ধান্ত নেয়।

সৌদি আরব, জর্দান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মিসর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা এই ‘অবৈধ’ পদক্ষেপের ‘সবচেয়ে কঠোর ভাষায়’ নিন্দা জানিয়েছেন।

ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের এই সিদ্ধান্তকে ‘ভুল পথে আরেকটি পদক্ষেপ’ বলে অভিহিত করেছে। আর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, তিনি এ বিষয়ে ‘গভীরভাবে উদ্বিগ্ন’।