ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে ১১ দলীয় জোটের এনসিপি মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী আলী নাছের খানের বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার এ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট মো. মেহেদী হাসান এলিস এ বিষয়ে গাজীপুরের সিভিল জজ এবং নির্বাচনী অনুসন্ধান কমিটি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গাজীপুর-২ আসনের এনসিপি’র মনোনীত শাপলাকলি প্রতীকের প্রার্থী আলী নাছের খানের হলফনামায় প্রদত্ত এন আই ডি নম্বর-৫৯৬২০৮০২৩০ ও জন্ম তারিখ : ০২/০৩/১৯৮৭ ইং কিন্তু এই প্রার্থীর প্রকৃত ট্যাক্স রিটার্ন ফরমে এনআইডি নম্বর- ৫৯৬২৯৮০২৩০ ও জন্ম তারিখ : ০৭/০৩/১৯৮৮ ইং দেখানো হয়েছে। তাই নির্বাচন কমিশনের আবশ্যকীয় দাখিলকৃত কাগজপত্র ও ট্যাক্স রিটার্নের কাগজপত্র ও পরস্পর সামঞ্জস্যপূর্ণ নয়/বিভ্রান্তিকর/তথ্য গোপন করা হয়েছে এবং ওই প্রার্থী অনলাইন যোগাযোগ মাধ্যমে বিকাশ ব্যক্তিগত ০১৭২৯-৯২১১৪৮ নম্বরে ও সোনালী ব্যাংক পিএলসি হিসাব নম্বর: ০২০৬৩০১০২৭২৫৫, গাজীপুর কোর্ট বিল্ডিং শাখায় নির্বাচনের জন্য উন্মুক্তভাবে আর্থিক সহযোগিতার জন্য ভোটারদের কাছে বিধি বহির্ভূতভাবে প্রচার করে। বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানান।