বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা: শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের নির্বাচন পর্যবেক্ষক টিমের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে চীনা নির্বাচন পর্যবেক্ষণ টিমের প্রধান চেন ওয়েই-এর নেতৃত্বে প্রতিনিধিদলটি আমীরে জামায়াতের সাথে সাক্ষাৎ করেন।
অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে চীনা প্রতিনিধিদল আশ্বস্ত করেন যে, বাংলাদেশের আসন্ন নির্বাচনে চীনা পর্যবেক্ষণ টিম কাজ করবে। এ ছাড়া বাংলাদেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী ও টেকসই করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন। ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক ও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।