কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোটারদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী ও ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে ভুক্তভোগী রাইসুল ইসলাম আখন্দ বাদী হয়ে দেবিদ্বার থানায় এই এজাহার দায়ের করেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি রাতে দেবিদ্বার উপজেলার বাকসার বাজারে এক অনুষ্ঠানে মঞ্জুরুল আহসান মুন্সী ভোটারদের উদ্দেশে হুমকিমূলক বক্তব্য দেন। ওই সময় তিনি বলেন, দলীয় প্রার্থীকে ভোট না দিলে ভোটারদের ঘরবাড়ি জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে।
মঞ্জুরুল আহসান মুন্সীর ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দলটির সব পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।
উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে ঋণখেলাপির দায়ে বিএনপির এই সাবেক সংসদ সদস্যের মনোনয়ন বাতিল হয়।