ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সারা দেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটকেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে ভোট প্রদান করেন। তিনি ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটদান শেষে কেন্দ্র থেকে বের হয়ে অপেক্ষারত সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এ সময় তিনি নির্বাচনের পরিবেশ ও জয়ের ব্যাপারে নিজের আশাবাদের কথা ব্যক্ত করে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ন। নির্বাচন সুষ্ঠু হলে গণতান্ত্রিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার সবকিছুতে গণতন্ত্রের চর্চা করার সুযোগ সৃষ্টি হবে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন শহরের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচন ঘিরে দীর্ঘ সময় পর ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। প্রায় ১৭ বছর পর জাতীয় নির্বাচনে অংশ নিতে পেরে অনেকেই উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে আসছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সকাল থেকেই বিভিন্ন এলাকায় ভোটারদের কেন্দ্রমুখী হতে দেখা গেছে।
এবারের নির্বাচনে মোট ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিয়েছে। তবে প্রধান প্রতিদ্বন্দ্বিতা বিএনপি ও জামায়াতের মধ্যে হবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।
অন্যদিকে, শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে ওই আসনের ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাকি আসনগুলোতে নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ চলছে।