ভোট দিলেন জামায়াত আমির

‘নির্বাচন সুষ্ঠু হলেই আপত্তি নেই ফলাফলে’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট দিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় রাজধানী ঢাকার মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) ভোটকেন্দ্রে ভোট দেন তিনি।  

ভোট দিয়ে তিনি বলেন, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে সেই রায় আমরা মানব। অন্যদেরও তা মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

তিনি আরও বলেন, দীর্ঘ দেড় যুগ দেশবাসী কোনো ভোট দিতে পারেনি, আমিও পারিনি। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে আমরা ভোট দেওয়ার সুযোগ পাইনি। তিনটি ভোট হারানোর পর আল্লাহ আজ আমাদের ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন।

‘আমি বিশ্বাস করি, শুধু আমি নই, বিশেষ করে যুবসমাজ—যারা জীবনে একটা ভোটও দিতে পারেনি—তারা আজকের এই ভোটের জন্য বড় অপেক্ষায় ছিল। এই ভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু, সন্ত্রাস ও দখলমুক্ত হোক। এটি যেন সবার কাছে গ্রহণযোগ্য হয়, সেই দোয়া করি।’

তিনি বলেন, আগামীতে এমন সরকার গঠিত হোক, যে সরকার কোনো ব্যক্তি, পরিবার বা দলের হবে না; বরং ১৮ কোটি মানুষের সরকার হবে। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী।

ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি—সবাই যার যার ঘর থেকে বেরিয়ে আসুন। নিজের অধিকার প্রয়োগ করুন এবং রাষ্ট্র গঠনের গর্বিত অংশীদার হোন।

ভোটের পরিবেশ নিয়ে জামায়াত আমির বলেন, আমি কেবল কেন্দ্রে এসে ভোট দিলাম। এখন বাকি কেন্দ্রগুলো দেখব, সারা দেশের খবর নেব। ছোটখাটো কোনো বিষয় হলে আমরা অবশ্যই ইগনোর করব। কিন্তু বড় কোনো বিষয় হলে ছাড় দেব না। মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক, এটা আমরা কোনোভাবেই চাই না।

ডা. শফিকুর রহমান এবারের নির্বাচনে ঢাকা-১৫ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী হিসেবে দাড়িপাল্লা প্রতীকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন।