গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। নির্ধারিত সময়ের আগেই অনেকে কেন্দ্রে এসে উপস্থিত হন এবং ভোটগ্রহণ শুরু হলে তারা ভোটাধিকার প্রয়োগ করেন।
গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, নারী ভোটারদের দীর্ঘ সারি। কেন্দ্রের বাইরে ছিল উল্লেখযোগ্য ভোটার উপস্থিতি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে। এ পর্যন্ত জেলায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার আবুল ফাতাহ জানান, এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৯৯৭ জন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভোট দিয়েছেন ৮৫৫ জন, যা মোট ভোটারের প্রায় ১৭ শতাংশ।
একই চিত্র দেখা গেছে বড়হদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। প্রিজাইডিং কর্মকর্তা জানান, এ কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ২৭২ জন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৫২৯টি ভোট পড়েছে।
ভোট দিতে আসা জোসনা বেগম বলেন, প্রায় ৩০ মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে আছি। একই কথা জানান জেসমিন বেগম।
এবার গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাঁচটি আসনে মোট ভোটার সংখ্যা ২১ লাখ ৯০ হাজার ৪০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৮২ হাজার ৪৩৭ জন এবং নারী ভোটার ১১ লাখ ৭ হাজার ৯৬৪ জন।