ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সারা দেশে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং উৎসবমুখর পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বারিধারা ডিওএইচএসে অবস্থিত স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ দিনটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আখ্যা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রত্যাশা ব্যক্ত করেন, দেশের মানুষ একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন প্রত্যক্ষ করবে।
দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে সন্তোষ প্রকাশ করে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ‘এখন পর্যন্ত প্রশাসনের কাছে কোনো ভোটকেন্দ্র দখলের অপ্রীতিকর তথ্য আসেনি। মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় উপস্থিতির কারণে বড় ধরনের বিশৃঙ্খলা ছাড়াই ভোটগ্রহণ প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।’
একজনের ভোট অন্যজন দেওয়ার অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এবার একজনের ভোট অন্যজন দেওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরও যদি এমন কোনো ঘটনার প্রমাণ বা ভিডিও থাকে, তবে তা আমাদের দিন; আমরা কঠোরভাবে বিষয়টি খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের যৌথ সমন্বয়ে গড়ে তোলা নিরাপত্তা বলয় রাজধানীসহ দেশের প্রতিটি জেলায় নিবিড় নজরদারি চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। ভোটারদের অধিকার সুরক্ষা এবং কেন্দ্রের পরিবেশ অক্ষুণ্ন রাখতে সরকার কোনো আপস করবে না বলেও স্পষ্ট করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি আরও বলেন, একটি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন আয়োজনের যে অঙ্গীকার সরকার করেছে, তা বাস্তবায়নে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটারদের উপস্থিতি নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের আস্থারই প্রতিফলন বলে তিনি মন্তব্য করেন।
এদিকে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। প্রধান উপদেষ্টা ও অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের ভোটদান নির্বাচনকে ঘিরে উৎসবের আবহ আরও জোরদার করেছে।
নির্বাচন-পরবর্তী সময়েও নিরাপত্তা জোরদার রাখার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফলাফল ঘোষণা পর্যন্ত যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত সহিংসতা না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে তিনি দেশবাসীকে ধৈর্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে গণতান্ত্রিক এই প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান।