মাদারীপুরের রাজৈরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন 

মাদারীপুরের রাজৈরে একটি ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে মোটরসাইকেলের আশি শতাংশর বেশি পুড়ে গেছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের পাশে এর ঘটনা ঘটে। 

অজ্ঞাত এক ব্যক্তি খড় দিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায় ও তাৎক্ষণিকভাবে বিস্ফোরিত হয় বলে স্থানীয়রা জানায়৷ এতে ভোটকেন্দ্রের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্বাভাবিক হয় সবকিছু। 

মাদারীপুরের রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনের কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কে বা কারা এই আগুন ধরিয়েছে এখনো জানা যায়নি। মোটরসাইকেলের আগুনের ঘটনায় তেমন কোন সমস্যা তৈরি হয়নি। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য।