দুই ভাইয়ের কাঁধে ভর করে ভোট কেন্দ্রে বৃদ্ধ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে দুই ভাইয়ের কাঁধে ভর করে ভোট কেন্দ্রে এসে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিলেন বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের গাছতলা গ্রামের বাসিন্দা শাহজাহান মিয়া (৭০) বছরের এক বৃদ্ধ। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে বিজয়নগর উপজেলার আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এমন দৃশ্য দেখা যায়। এ সময় দেখা গেছে ভোট কেন্দ্রের দ্বিতীয় তলায় একটি বুথে ভোট দিতে আসেন শাহজাহান। তার আপন ছোট দুই ভাইয়ের কাঁধে ভর করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখা গেছে।  

এ সময় বৃদ্ধ শাহজাহান মিয়ার সঙ্গে কথা হয় দৈনিক দেশ রূপান্তরর সাংবাদিকের, তখন শাহজাহান মিয়া বলেন, আমি বুড়া ও অসুস্থ মানুষ। দুই ছোট ভাইকে নিয়ে কেন্দ্রে ভোট দিতে আসছি। বুথ উপরে হওয়ায় ওরা (দুই ভাই) আমাকে সিঁড়ি দিয়ে উপরে তুলছে। পছন্দের প্রার্থীকে ভোট দিছি। যদি আল্লাহ বাঁচাইয়া রাখে সামনে দিব। না হয় এটাই আমার জীবনের শেষ নির্বাচনে ভোট দিলাম। 

শাহজাহান মিয়াকে কেন্দ্র আনেন তার দুই ছোট ভাই নজরুল ইসলাম ও আল-আমিন। তারা বলেন আমাদের বড় ভাই বৃদ্ধ মানুষ। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছে। ভোট দিবে ওনার ইচ্ছার উপর ভিত্তি করে আমরা ভাইকে ভোট কেন্দ্রে নিয়ে এসেছি।