সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রমের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনের গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদানের পর তিনি রাজধানীতে আইনশৃঙ্খলা ও ভোট পরিস্থিতি পর্যবেক্ষণে একাধিক কেন্দ্র পরিদর্শন করেন।
বৃহস্পতিবার সকাল ১০টা ২১ মিনিটে ভোটাধিকার প্রয়োগ করেন প্রধান উপদেষ্টা। ভোট প্রদান শেষে সংক্ষিপ্ত সময়ের জন্য নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ ছিল এবং ভোটারদের উপস্থিতি চোখে পড়ে।
এরপর প্রধান উপদেষ্টা পুলিশ সদর দফতরে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ পরিদর্শন করেন। সেখান থেকে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার ভোটকেন্দ্রের লাইভ ভিডিও ফিড এবং তাৎক্ষণিক প্রতিবেদন পর্যবেক্ষণ করা হয়। নিয়ন্ত্রণ কক্ষে স্থাপিত মনিটরিং ব্যবস্থার মাধ্যমে মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটার উপস্থিতি এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর অবস্থা সরাসরি পর্যালোচনা করেন তিনি।
পরে প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় স্থাপিত অস্থায়ী পর্যবেক্ষণ কক্ষ থেকেও ভোটের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন। সেখানে নির্বাচন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে ভোটার উপস্থিতির হার, বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি এবং সম্ভাব্য অনিয়ম সংক্রান্ত তথ্যের ওপর বিস্তারিত ব্রিফিং নেন তিনি।
উপস্থিত কর্মকর্তারা জানান, অধিকাংশ এলাকায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং ভোটারদের মধ্যে উৎসাহ দেখা গেছে। কোথাও বিচ্ছিন্ন কোনো ঘটনার খবর পাওয়া গেলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হচ্ছে। নির্বাচন সুষ্ঠু ও অবাধ রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।
প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করা রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।