জাতীয় সংসদ নির্বাচনের ভোট নিয়ে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রামের কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রশাসনের কঠোর অবস্থান ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকদের সহনশীলতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে।
নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরাও শান্তিপূর্ণ পরিস্থিতির জন্য সন্তোষ প্রকাশ করেছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনের ধানের শীষের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী দুপুর ১২টায় উত্তর কাট্টলী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান শেষে সাংবাদিকদের বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে চলছে। কোথাও পক্ষপাতমূলক কিছু দেখিনি। বাংলাদেশের মানুষ বিগত ১৮ বছর ভোট দিতে পারেনি। আজকের এই ভোটের পেছনে বহু মানুষের ত্যাগ রয়েছে। অনেক জীবন দিয়েছেন, কেউ গুম হয়েছেন, কেউ খুন হয়েছেন। লাখ লাখ মানুষ মিথ্যা মামলার শিকার হয়েছেন, জেল খেটেছেন। আজকের এই ভোটের মাধ্যমে দেশের জনগণ তাদের রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার ফিরে পাবে। এর মাধ্যমে আমাদের দেশ হবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ।
চট্টগ্রাম-৯ আসনের জামায়াত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী পাঁচলাইশ বাদুরতলা মডার্ন আইডিয়াল স্কুল কেন্দ্রে সকালে নিজের ভোট প্রদান শেষে বলেন, দীর্ঘদিন কাজ করার পর আজ যে সুন্দরভাবে নির্বাচন শুরু হলো, আমি চাই সর্বশেষ মিনিট পর্যন্ত এ পরিবেশ যেন অক্ষুণ্ন থাকে। যাতে আমরা একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা শেষ করতে পারি। সুষ্ঠু নির্বাচনে যেই ফলাফল হবে সেই ফলাফলকে আমরা স্বাগত জানাবো। অনেক দিন পর আজ মনে হচ্ছে একটি ভোটকেন্দ্রে এসেছি। নির্বাচনের পরিবেশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের যে সুন্দর তৎপরতা আমাকে মুগ্ধ করেছে। শেষ সেকেন্ড পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে এটাই প্রত্যাশা করি।
চট্টগ্রাম-৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান সকালে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রে নিজের ভোট দেন।
ভোট দিয়ে বাইরে এসে তিনি সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন পর মানুষ নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে নাগরিক অধিকার প্রয়োগ করতে পারছে, এতে আমি আনন্দিত। এই গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য আমাদের দল বিএনপিসহ দেশের মানুষ অনেক সংগ্রাম করেছে, আত্মত্যাগ করেছে। আশা করি, আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও নিরাপদ বাংলাদেশ।
সকাল ১০টায় জামালখান ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে এই আসনের জামায়াতে প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক বলেন, ভোটাররা মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। আমরা চাই নারী-পুরুষ সবাই এসে স্বচ্ছতার মাধ্যমে নিরাপদে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুক। জনগণের প্রতি আমাদের আস্থা আছে। জনগণের রায়ের প্রতি আমি সবসময় শ্রদ্ধাশীল।
চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী সকালে নিজের ভোট প্রদান শেষে বলেন, ১৭ বছর পর ভোট দিয়েছি, এটাকে জীবনের প্রথম ভোটের মতো লাগছে। সুন্দর পরিবেশে ভোট হচ্ছে, মানুষ নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। দিন শেষে সুষ্ঠু ভোটের মাধ্যমে মানুষের মতামতের প্রতিফলন ঘটবে-এটাই প্রত্যাশা করি।