জেন-জি ভোটারদের উৎসবমুখর নির্বাচন

রাজধানীর অলিগলিতে আজ ছিল ভোটের আমেজ, আর তার মাঝেই আলাদা করে চোখে পড়েছে তরুণ প্রজন্ম তথা জেন-জিদের উচ্ছ্বাস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিনে প্রথমবারের মতো ভোট দিতে এসে নিজেদের আনন্দ ও অনুভূতি জানিয়েছেন জেনজি ভোটাররা।

সংসদ ভবনের বিপরীতে রাজধানী উচ্চ বিদ্যালয়ে ছিল নারী ভোটারদের লম্বা লাইন। বেশির ভাগই তরুণী। প্রথমবার ভোট দেওয়া মারিয়া তহুরা বলেন, জীবনের প্রথম ভোট, তাই ঠিকঠাকভাবে ভোট দেওয়া নিয়ে কিছুটা শঙ্কা ছিল। কিন্তু কেন্দ্রে এসে তা কেটে গেছে। আশা করছি ভালোভাবেই ভোট শেষ হবে, তবেই দেশে শান্তি আসবে।

ধানমন্ডির ড. মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে কথা হয় ফারহানের সঙ্গে। বন্ধুদের নিয়ে প্রথমবার ভোট দিতে আসা এই তরুণ বলেন, এত সহজে ভোট দেওয়া যাবে ভাবিনি। সবকিছু সুশৃঙ্খল ছিল। দায়িত্বপ্রাপ্তরা ভোটার স্লিপ দেখে কোন কক্ষে যেতে হবে তা বলে দিচ্ছিলেন। ফলে অল্প সময়েই ভোট দিতে পেরেছি।

মোহাম্মদপুর সরকারি কলেজ কেন্দ্রে  উৎসাহ নিয়ে ঢুকছেন তরুণ ভোটাররা। শরিফ আরমান বলেন, আমি খুবই আনন্দিত। প্রথমবার ভোট দিতে পেরে ভালো লেগেছে।

একই কেন্দ্রে সাইমুম নামের এক ভোটার বলেন, এই ভোটের জন্য, গণতন্ত্রের জন্য অনেক রক্ত দিতে হয়েছে। আশা করছি সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ শেষ হবে। তবেই গণতন্ত্র দীর্ঘজীবী হবে।

ঢাকা-১৭ আসনের টিঅ্যান্ডটি উচ্চ বালক বিদ্যালয় কেন্দ্রে প্রথমবার ভোট দেন জেনজি ভোটার মো. মুন্না গাজী। তিনি বলেন, এবারই প্রথম ভোট দিলাম। খুব ভালো লাগছে। সকাল থেকেই কেন্দ্রে ভিড় রয়েছে। নতুন ভোটাররা বেশ উৎসাহ নিয়ে এসেছে ভোট দিতে।

পারভেজ হোসেন নামের আরেক ভোটার বলেন, নির্বাচনের পরিবেশ ভালো। প্রথমবার ভোট দিলাম এবং নিজের পছন্দ অনুযায়ী দিতে পেরেছি। আগের দুই নির্বাচনে নির্দিষ্ট প্রার্থীকে ভোট দেওয়ার চাপ ছিল বলে শুনেছি। তবে এবার ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে পারছে বলে মনে হয়েছে। সেজন্য ভোট দিয়ে আরও বেশি উচ্ছ্বসিত মনে হচ্ছে।

বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজ কেন্দ্রে ফারুক হোসেন জানান, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেও এবারের অভিজ্ঞতা ভিন্ন। এবার ভোটের পরিবেশ বেশি উৎসবমুখর। অংশ নিতে পেরে ভালো লাগছে,’ যোগ করেন তিনি।