জাতীয় সংসদ নির্বাচনে ভোলার তিনটি আসনের হেভিওয়েট প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন। তবে ভোলা-১ আসনের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নিজের প্রতীকে ভোট দিতে পারেননি বলে খবর পাওয়া গেছে।
পার্থ ঢাকা-১৭ আসনের ভোটার হলেও তিনি প্রার্থী হয়েছেন ভোলা-১ আসনে গরুর গাড়ি প্রতীক নিয়ে। নির্বাচনী এলাকায় অবস্থানের কারণে নিজের প্রতীকে ভোট দেওয়ার সুযোগ পাননি তিনি। ফলে প্রার্থী হয়েও নিজ প্রতীকে ভোট দিতে না পারার বিষয়টি দিনভর আলোচনায় ছিল।
ভোলা-২ আসনে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী হাফিজ ইব্রাহিম বোরহানউদ্দিন উপজেলার নিজ গ্রাম বড়মানিকা ৪নম্বর ওয়ার্ড কেন্দ্রেই সকালে ভোট দেন। ভোলা-৩ আসনে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং জামায়াত সমর্থিত ফুলকপি প্রতীকের বিডিপির প্রার্থী নিজামুল হক নাঈম নিজ নিজ কেন্দ্রে ভোট দেন। মেজর হাফিজ ভোলার লালমোহন আব্দুল ওয়াব মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৯টায় ভোট দেন। ভোলা-৪ আসনের প্রার্থী নুরুল ইসলাম নয়ন চরফ্যাশন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের করিমজান মহিলা দাখিল মাদ্রাসা কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ঘুরে প্রার্থীদের ভোট প্রদানের এসব চিত্র দেখা যায়।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানায়, সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।