প্রথমবারের মতো প্রাণহানি ছাড়াই ভোটগ্রহণ: আইএসপিআর

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট শেষ হয়ে চলছে ভোট গণনা। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে গণনার জন্য ব্যালট বাক্স নিয়ে যাওয়া হয়েছে। এই বছরে সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে দেওয়া হয়েছে। সংসদ নির্বাচনের ব্যালট সাদা কালো রঙের, অন্যদিকে গণভোটের ব্যালট গোলাপি রঙের। 

প্রথমে এই রঙের ব্যালট পেপার আলাদা করা হবে। এরপরে আলাদা আলাদাভাবে গণনা করা হবে।
এদিকে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচনসংশ্লিষ্ট সংঘর্ষের ফলে কোনো হতাহতের খবর ছাড়াই জাতীয় নির্বাচন শেষ হয়েছে। নির্বাচন ও গণভোট শেষ হওয়ার পর সন্ধ্যায় এক বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সারা দেশের বেশ কিছু কেন্দ্রে ছোট ছোট কয়েকটি সহিংসতার মধ্যে দিয়ে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। 

এর আগে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ৯ ঘণ্টা ২৯৯টি আসনে ভোটগ্রহণ চলে।