ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে সাবেক দুই এমপি ও জামায়াত জোটের প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে বেসরকারিকেভাবে সংসদ সদস্য(এমপি) নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
তিনি ১ লাখ ৭ হজার ৫৭৭ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে মনোনীত প্রার্থী হিসেবে এলডিপির প্রেসিডিয়াম সদস্য আওরঙ্গজেব বেলাল ছাতা প্রতীকে নিয়ে পেয়েছেন ৪৫ হাজার ৭৯১ ভোট। আরেক প্রতিদ্বন্দ্বী সাবেক এমপি শাহ্ নুরুল কবির শাহিন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হিসেবে হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৭৩৪ ভোট।
অপরদিকে আসনটিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে জাপার প্রেসিডিয়াম সদস্য তিন বারের সাবেক এমপি ফখরুল ইমাম লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ১৭১৯ ভোট।
আজ (১২ ফেব্রুয়ারি) রাতে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার সানজিদা রহমান এ ফলাফল ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের মোট ভোটার সংখ্যা ৩৪৫৭৪৬ জন। এর মধ্যে নারী ভোটার ১৬৮৬৪৩ জন, পুরুষ ১৭৭০৯৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন।
উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৯২টি কেন্দ্রের ৬২৮টি কক্ষে এসব ভোটাররা ভোট প্রদান করেন। মোট ভোটের বিপরীতে কাস্ট হয়েছে ১ লাখ ৯২ হাজার ৬৩২ ভোট। এতে ৪ হাজার ৮১১ টি ভোট বাতিল হয়েছে। আসনটিতে মোট শতকরা ভোট পড়েছে ৫৫.৭১%।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার সানজিদা রহমান বলেন, ময়মনসিংহ-৮(ঈশ্বরগঞ্জ) আসনে সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সুন্দর ভোট গ্রহণে সকল আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মরত প্রতিটি সদস্য, সকল রাজনৈতিক দল, সাংবাদিক ও ঈশ্বরগঞ্জের সম্মানিত ভোটারদের তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, ঈশ্বরগঞ্জবাসীর এতদিনের স্বপ্ন পূরণ হয়েছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞ। ইনশাআল্লাহ এবার অবহেলিত ঈশ্বরগঞ্জবাসীর ভাগ্য উন্নয়নে কাজ করব। আমার দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করব।