কিশোরগঞ্জ ৬ আসনে বিএনপি শরীফুল আলম বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) ১৬৭ নং আসনে ভোটগ্রহণ শেষে ১৪২টি কেন্দ্রের সবগুলোর ফল গণনা সম্পন্ন হয়েছে। বেসরকারি ফলাফলে এই আসনে বিএনপির প্রার্থী মো. শরীফুল আলম বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মো. শরীফুল আলম মোট ১ লাখ ৮৫ হাজার ৮১৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন, যিনি রিকশা প্রতীকে নির্বাচন করেন, পেয়েছেন ৪২ হাজার ৫৫৫ ভোট।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার ২৫৮ ভোট। এ ব্যবধানে মো. শরীফুল আলম নিরঙ্কুশ জয় অর্জন করেন।

নির্বাচনের দিন শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং ভোট শেষে কেন্দ্রভিত্তিক গণনা শেষে পর্যায়ক্রমে ফলাফল ঘোষণা করা হয়। সব কেন্দ্রের ফল একত্রিত করার পর বেসরকারিভাবে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

এই জয়ের মাধ্যমে কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপি তাদের অবস্থান শক্ত করেছে বলে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এখন নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক গেজেট প্রকাশের মাধ্যমে ফলাফল চূড়ান্ত হবে।