নির্বাচনের পর স্বস্তি

গতকাল চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ও তার সহকর্মী কমিশনাররা। আমরা এই পরীক্ষার ফল আজ পেতে পারি। তার আগেই প্রত্যক্ষ করলাম, ভোটের পরিবেশ-পরিস্থিতি, ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা, আইনশৃঙ্খলা রক্ষায় সব বাহিনীর মধ্যে সমন্বয় ও সুব্যবস্থা। তারা জাতিকে যে ওয়াদা দিয়েছিল, তার চমৎকার উদাহরণ লক্ষ্য করলাম। জুলাই গণঅভ্যুত্থানের ফসল গতকালের নির্বাচন ও গণভোট জাতিকে ফিরিয়ে দিল হারানো অধিকার। একই সঙ্গে প্রতিষ্ঠিত হলো মতপ্রকাশের রাজনৈতিক অধিকার। নতুন বাংলাদেশের নবচেতনার এই উৎসবমুখর ভোটে আমাদের ইচ্ছা আর আকাক্সক্ষারই প্রতিফলন ঘটছে বলে দাবি করা যায়। এটি প্রধান ও প্রথম বিজয়। দ্বিতীয়টি হচ্ছে যারা ক্ষমতায় যাচ্ছেন, তাদের মন-মানসিকতা আমরা জেনেছি তাদের মেনিফেস্টো থেকে। সেই মেনিফেস্টো অনুযায়ী, যখন নতুন সরকার তার কাজ শুরু করবে, তখনই শুরু হবে ওয়াদা বাস্তবায়নের দ্বিতীয় পদক্ষেপ। গণভোটে ‘হ্যাঁ’ জয় পেলে সংস্কারের নতুন দিগন্তে  পৌঁছাব আমরা। এটা অতীব গুরুত্বপূর্ণ আমাদের কাছে। তখন প্রত্যাবর্তন করব পূর্ণাঙ্গ গণতন্ত্রে, পরিবর্তন করব সংবিধান সংস্কারসহ যা কিছু প্রয়োজন। শাসনব্যবস্থাকে গণতান্ত্রিক ধারাপাতে নিয়ে আসতে হলে, যেসব সংস্কার ও সংশোধন প্রয়োজন হবে নতুন সরকার তা করবে এ রকম অঙ্গীকারই তারা করেছে। আর নয়া সংসদের অন্যতম দায়িত্ব হচ্ছে, সেসব বাধা উত্তরণে কার্যকর আলোচনার ভেতর দিয়ে জনগণের কাছে জবাবদিহি করা।

ফলাফল যা-ই হোক, তা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার আর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘নতুন জন্মদিন আজ। আপনারা উৎসবের আয়োজনে নিজেদের সম্পৃক্ত করেন।’ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগেই বলেছিলেন, তিনি ও তার দল প্রতিহিংসার রাজনীতি করবেন না। তিনি বিগত আওয়ামী সরকারের হাতে নির্মমভাবে নির্যাতিত হয়েছিলেন। তারপরও এই ওয়াদা জাতি নতুন প্রণোদনা হিসেবে বিবেচনা করছে। অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণের প্রত্যয় ঘোষণা আমাদের এটাই বুঝতে দিচ্ছে যে, দলটি তার পুরনো রাজনৈতিক দর্শন ও রেজিমেনটেড অবস্থান থেকে অনেকটাই সরে এসে গণতন্ত্রের জোয়ারে স্থিত হয়েছে। জামায়াত অন্তর্মুখী ও কট্টরপন্থি দল হিসেবে পরিচিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, তা উপলব্ধি করা যায়। ২১ বছর পর বিএনপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগকে কাজে লাগাতে দৃঢ়প্রতিজ্ঞ। তারেক রহমান এবারই প্রথম নির্বাচনে প্রার্থী হলেন। তবে তার নির্বাচনী অভিজ্ঞতা ১৯৯১ সাল থেকেই। তৃণমূলের দলীয় তরুণ কর্মীবাহিনীকে উন্নয়নমুখী করে তোলা এবং শোষণ-বঞ্চনার ধারণাগুলোর সূচিমুখ তিনি বুঝিয়ে দেন। সেই অভিজ্ঞতাই এবারও আমরা দেখেছি, তার নির্বাচনী সভাগুলোতে কর্মীদের মধ্যে। তারেক রহমান জনগণের উদ্দেশে সেøাগান দিয়েছেন ‘সবার আগে বাংলাদেশ’ আর শফিকুর রহমান ‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’। এই দুজনের রাজনৈতিক মনোভাবের মধ্যে তেমনভাবে রাজনীতিগত দৃষ্টির পার্থক্য নেই। দুজনের মূল লক্ষ্য জনগণ, দেশ আর গণতন্ত্র। গণতন্ত্রের বিকাশের ভেতর দিয়েই সেøাগান দুটির রাজনীতি জনগণের কাছে নতুন উদ্দীপনা হিসেবে পৌঁছাবে।

দুটি রাজনৈতিক সহিংসতা ঘটেছে নির্বাচনে হাতিয়া ও ভোলায়। এর বাইরে তেমন কোনো নির্বাচনী বিরোধ সহিংস হয়ে ওঠেনি গতকাল বিকেল পর্যন্ত। বিষয়টি জাতি ভুলবে না, কোনোরকম ইনসিডেন্ট ছাড়াই এই ইতিহাস সৃষ্টিকারী নির্বাচন অনুষ্ঠিত হলো। বিগত তিনটি তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনসহ ৫৪ বছরের ইতিহাসে এমনটা ঘটেনি। প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ইতিবাচক রাজনীতির আচরণ আমরা দেখেছি, তা তুলনারহিত। তবে নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ অংশ নিতে পারেনি, ফলে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। সব সংশয়-সন্দেহ পেছনে ফেলে রাজনৈতিক সংস্কৃতিতে যে নতুন প্রভাত উঁকি দিল, তাকে লালন করতে হবে। এর ব্যত্যয় মানেই, নিজেদের ও জনগণের পরাজয়। সেটা আমরা চাইতে পারি না।