যেকোনো রাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে কর্র্তৃত্ববাদী শাসনের পতনের পরবর্তী সময়টি অত্যন্ত সংবেদনশীল এবং চ্যালেঞ্জিং। গত দেড় বছর ধরে বাংলাদেশ এক জটিল সময় পার করছে, যেখানে জনআকাক্সক্ষার প্রতিফলন এবং বাস্তব প্রাপ্তির মধ্যে এক গভীরতর ব্যবধান ছিল। এই প্রাপ্তি ও প্রত্যাশার ভারসাম্যহীনতাকে কেবল প্রশাসনিক ব্যর্থতা হিসেবে দেখলে ভুল হবে; বরং এটি গতকালের নির্বাচনের জন্য একটি পদ্ধতিগত ঝুঁকি তৈরি করেছিল। যে কারণে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ‘কর্র্তৃত্ববাদ পতন-পরবর্তী দেড় বছর : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গবেষণা প্রতিবেদনের আলোকে মনে হয়েছিল, এই ক্রান্তিকালে রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখা এবং নির্বাচনকে প্রশ্নাতীত করা এক কঠিন অগ্নিপরীক্ষা। কিন্তু সেই পরীক্ষায় বর্তমান সরকার সাধ্যমতো চেষ্টা করেছেন এবং উত্তীর্ণও হয়েছেন। টিআইবির প্রতিবেদন অনুযায়ী, রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীলতার মূলে রয়েছে প্রশাসনিক দীর্ঘসূত্রতা এবং স্বার্থান্বেষী মহলের সংস্কারবিরোধী অবস্থান। রাষ্ট্রযন্ত্রের অভ্যন্তরে এখনো সেসব শক্তির অস্তিত্ব বিদ্যমান, যারা কর্র্তৃত্ববাদের অবশিষ্টাংশ হিসেবে কাজ করছে। এই পরিস্থিতিকে যথাযথভাবে ‘ব্যবচ্ছেদ’ করে মনে হয়েছিল, নির্বাচনের আগে জননিরাপত্তার অভাব এবং নীতিগত অনিশ্চয়তা ভোটারদের আস্থা কমিয়ে দিচ্ছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। নির্বাচনের নিরপেক্ষতা কেবল কমিশনের ওপর নির্ভর করে না, বরং উত্তরণকালীন সরকারের সামগ্রিক পারফরম্যান্সের ওপর এর বৈধতা প্রতিষ্ঠিত হয়। এই কাঠামোগত দুর্বলতা এবং সংস্কারের ধীরগতি সরাসরি নির্বাচনী পরিবেশকে কিছুটা কলুষিত করার ক্ষেত্র প্রস্তুত করেছিল।
নির্বাচন শেষ হয়েছে, তবু মব ভায়োলেন্স বা জনরোষের সহিংসতাকে কেবল বিচ্ছিন্ন আইনশৃঙ্খলার অবনতি হিসেবে দেখা যাবে না। একে একটি পদ্ধতিগত ও কৌশলগত হুমকি হিসেবে চিহ্নিত করা প্রয়োজন। যখন রাষ্ট্র তার নাগরিকদের সুরক্ষা দিতে বা আইনি শাসন নিশ্চিত করতে ব্যর্থ হয়, তখন মব সংস্কৃতি রাষ্ট্রের কর্র্তৃত্বকে চ্যালেঞ্জ করে। টিআইবির বিশ্লেষণ অনুসারে, মব সহিংসতার ‘উৎস’ ছিল খোদ প্রশাসনিক কেন্দ্র বা সচিবালয়। প্রশাসনের ভেতরে শুরু হওয়া এই বিশৃঙ্খলা পরবর্তীকালে বাইরের বিভিন্ন উগ্র ও অসংগঠিত শক্তিকে ক্ষমতায়িত করেছে। গতকালের নির্বাচনে মব সহিংসতার সম্ভাব্য ঝুঁকি প্রকট ছিল। যদিও সরকার এর আগেই দাবি করেছিল তাদের এ ধরনের সহিংসতা দমনের পূর্ণ ক্ষমতা ও সক্ষমতা রয়েছে, তবে টিআইবির পর্যবেক্ষণ অনুযায়ী, মূল সংকট ছিল সক্ষমতার চেয়ে ‘সদিচ্ছার’। গতকাল পর্যন্ত সদিচ্ছার বাস্তবতাই আমরা দেখলাম। নির্বাচন শেষ হলেও, বিক্ষিপ্ত সহিংসতা ফলাফলের পরবর্তী কয়েক দিন বজায় থাকতে পারে, যা রাজনৈতিক সমঝোতাকে ধূলিসাৎ করবে। এ বিষয়ে সরকারের দ্বিধা বা পক্ষপাতমূলক আচরণ, ভবিষ্যতে আরও বড় ধরনের গৃহযুদ্ধের ঝুঁকি ত্বরান্বিত করতে পারে। মব সহিংসতার ফলে সৃষ্ট সামাজিক অস্থিরতা ও সরকারের নৈতিক দুর্বলতা, সরাসরি প্রশাসনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে, যা প্রাতিষ্ঠানিক সংস্কারের পথে দুর্ভেদ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছে। প্রকৃত জবাবদিহি নিশ্চিত করতে হলে কেবল হত্যা বা মানবাধিকার লঙ্ঘন নয়, বরং কর্র্তৃত্ববাদী শাসনের সময় সংঘটিত দুর্নীতি, অর্থ পাচার এবং কর ফাঁকির মতো সুনির্দিষ্ট আর্থিক অপরাধের সঙ্গে জড়িতদের ন্যায়সংগত ও বিশ্বাসযোগ্য বিচার নিশ্চিত করতে হবে নির্বাচিত সরকারকেই। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত ‘সম্প্রচার কমিশন’ এবং ‘গণমাধ্যম কমিশন’ অধ্যাদেশকে টিআইবি ‘লোক দেখানো পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছিল। তারা বলেছিল, মিডিয়াকে নতুন করে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়েছে এবং বাইরের প্রভাবক শক্তিকে সরকার নিজেই অতিক্ষমতায়িত করেছে। এর ফলে সংবাদপত্রের স্বাধীনতা চরম সংকটের সম্মুখীন।
গতকালের নির্বাচন ছিল, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি নির্ণায়ক মুহূর্ত। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা ছিল দুরূহ কাজ। নির্বাচন কমিশন এ কারণে ধন্যবাদ পেতেই পারেন। আর নেপথ্যে সরকারের আন্তরিক ভূমিকা না থাকলে, এত বড় আয়োজন দেশব্যাপী নিরাপদে টেনে নেওয়া ছিল রীতিমতো দুরূহ বিষয়। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি, গণআন্দোলনে স্বৈরাচারী সরকারের পতনের পর নতুন সরকারের আগে, মধ্যবর্র্তী সরকারের পক্ষে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা বেশ কঠিন বিষয়। যেভাবেই হোক সেটি সম্পন্ন হয়েছে। এবার জনগণের দৃষ্টি থাকবে ভিন্ন দিকে। এই মুহূর্তে বলা সমীচিন হবে না, কোন রাজনৈতিক দল প্রকৃত অর্থে জনগণের বিপুল সমর্থন নিয়ে সরকার গঠন করবে? তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকবে, তা অনেকটাই নিশ্চিত। এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর আসন সংখ্যাও বাড়বে। কিন্তু তারা বিস্ময়কর কোনো ফল অর্জন করবে কিনা, তা নিয়েও অনেক কানাঘুষা চলছে। অনেকেই বলছেন, এই দলটি নাকি এবার আশাতীত জনরায় পেতে পারে। যেহেতু একটি বৃহৎ রাজনৈতিক দল নির্বাচনের বাইরে রয়েছে, সেক্ষেত্রে পাল্টে যেতে পারে সব পূর্বানুমান। কারণ তাদের রয়েছে বিশাল ভোট ব্যাংক। দেশব্যাপী আওয়ামী সমর্থিত লাখ লাখ ভোটার। সব সমর্থক যে ভোট বর্জন করবেন, বিষয়টি তা নয়। এখানেই মূল প্রশ্ন। তাহলে সেই ভোট কোন দলের বাক্সে পড়বে? ভোটের পাল্লা সেদিকেই হেলবে, আওয়ামী লীগ সমর্থিত ভোটাররা যাকে ভোট দেবেন। তাদের রায়েই সব হিসাব-নিকাশ পাল্টে যেতে পারে। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়? কোন দল সরকার গঠন করে?
নির্বাচিত সরকারের প্রথম দায়িত্ব কী হবে, তা নির্ধারিত হবে দলীয় ফোরামে। কিন্তু আমরা, সাধারণ জনগণ যারা দিন আনি দিন খাই তাদের কথা মাথায় রেখে সরকারের আশু কর্তব্য বিবেচনায় নিলে, আমরা স্বস্তির নিঃশ্বাস নিতে পারব। দেশ এগিয়ে যাক, শক্তিশালী গণতান্ত্রিক পদ্ধতি মেনে। আর যেন রাজনৈতিক অস্থিরতার কোনো পরিস্থিতি তৈরি না হয়। দেশ এগিয়ে যাক, শক্তিশালী গণতান্ত্রিক কাঠামোর নিয়ম মেনে।
লেখক: সাংবাদিক ও কলাম লেখক
drharun.press@gmail.com