ফরিদপুরের চারটি আসনে বিজয়ী হলেন যারা 

সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার চারটি আসনের ফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে তিনটিতে বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি একটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে জানা গেছে এসব তথ্য।

এদের মধ্যে ফরিদপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতের প্রার্থী ড. মো. ইলিয়াস মোল্লা, ফরিদপুর-২ আসনে বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম, ফরিদপুর-৩ আসনে বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনে বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বিজয়ী হয়েছেন।

বেসরকারিভাবে প্রাপ্ত চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, ফরিদপুর-১ আসনে জামায়াতের প্রার্থী ড. মো. ইলিয়াস মোল্লা ২৮ হাজার ৬৩৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি ১ লাখ ৫৪ হাজার ৭৯৮ ভোট পেয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির খন্দকার নাসিরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ১৬৫ ভোট।

ফরিদপুর-২ আসনে বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলাম ১ লাখ ২০ হাজার ৯০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের মাওলানা শাহ আকরাম আলী পেয়েছেন ৮৭ হাজার ৯৫৬ ভোট। এখানে ধানের শীষের প্রার্থী ৩২ হাজার ৯৫৩ ভোট বেশি পেয়ে শামা ওবায়েদ বিজয়ী হয়েছেন।

ফরিদপুর-৩ আসনে ১৫৪টি কেন্দ্রের ফলাফল বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের অধ্যাপক আব্দুত তাওয়াব পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৪৪৯ ভোট। ২৫ হাজার ৩৯৭ ভোট বেশি পেয়ে এ আসনে বিজয়ী হয়েছেন চৌধুরী নায়াব ইউসুফ।

ফরিদপুর-৪ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুল। তিনি পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৪৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাওলানা ছরোয়ার হুসাইন পেয়েছেন ৭১ হাজার ১৫৭ ভোট। ৫১ হাজার ৩২৩ ভোট বেশি পেয়ে এ আসনে শহিদুল ইসলাম বাবুল বিজয়ী হয়েছেন।