শতভাগ জয়েই রাজশাহীর শিরোপা উৎসব

ভোটের পরের সাত সকালেই নারী ফুটবল লিগের শিরোপা জয়ের আনুষ্ঠানিকতা সেড়ে ফেলেছে নবাগত রাজশাহী স্টারস। শুক্রবার সকাল ৯টায় কমলাপুর স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে শিরোপা রেসে থাকা বাংলাদেশ আর্মি ফুটবল ক্লাবকে ৩-০ ব্যবধানে হারিয়েছে তারায় ভরা রাজশাহী। দ্বিতীয়ার্ধে আলপি আক্তা, সাহেদা আক্তার রিপা ও ঋতুপর্ণা চাকমা একটি করে গোল করে দলের শিরোপা নিশ্চিত করেন। ১০ ম্যাচের সবক'টিতে জিতে পূর্ণ ৩০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হলো দলটি। আজই যানা যাবে রানার্স-আপ হবে কোন দল। বিকেল সোয়া ৪টায় আনসারের মুখোমুখি হবে ফরাশগঞ্জ। এ ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই তারা শেষ ক্রবে দুইয়ে। হেরে গেলে অবশ্য আর্মি আর তাদের পয়েন্ট থাকবে সমান ২৪। সেক্ষেত্রে দেখা হবে গোল গড়।

সকালেই শিরোপা নির্ধারণী ম্যাচ আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ২৭ পয়েন্ট নিয়ে মাঠে নামা রাজশাহীর প্রয়োজন ছিল এক পয়েন্ট। তবে জয়েই শিরোপা নিশ্চিত করেছে দলটি। প্রথমার্ধে অবশ্য অনেক চেষ্টা করেও আর্মির গোলের দরজা খুলতে পারেনি আলপি আক্তার, ঋতুপর্ণা চাকমা, সুরভী আখন্দ প্রীতিকে নিয়ে গড়া রাজশাহীর আক্রমণভাগ। তবে বিরতি থেকে ফিরে আর অপেক্ষায় থাকতে হয়নি। ৪৭ মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে উঠে প্রীতি গোলমুখে আড়াআড়ি পাস বাড়ান। আনমার্কড আলপি ডান পায়ের প্লেসিংয়ে গোলের আনুষ্ঠানিকতা সাড়েন। 

ম্যাচের ৫৮ মিনিটে অসাধারণ ভলিতে রাজশাহীকে আরও এগিয়ে নেন মিডফিল্ডার সাহেদা আক্তার রিপা। বাঁ দিক থেকে ঋতুপর্ণার ক্রস চলে আসে বক্সের ডানদিকে। চলন্ত বলে ডানপায়ের ভলিতে আর্মি কিপার মিলিকে পরাস্ত করেন রিপা। 

ম্যাচের ৮৭ মিনিটে ঋতুপর্ণা জয় নিশ্চিত করেন নিঁখুত ফিনিশিংয়ে। ডান দিক থেকে রিপার ক্রস সুরভীর মাথা ছুঁয়ে চলে আসে বাঁ প্রান্তে ফাঁকায় থাকা ঋতুর কাছে। দেখেশুনে বাঁ পায়ের গড়ানো বল দূরের পোস্টে জড়িয়ে উৎসবে মাতেন বাংলাদেশ তারকা। 

অভিষেকেই শিরোপা জিতে নিয়েছে নাবিল গ্রুপের মালিকানাধীন রাজশাহী স্টারস। কিছুদিন আগেই একই মালিকের দল শিরোপা জিতেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের। দুই জনপ্রিয় খেলার শীর্ষ দুই শিরোপা জিতে ক্রীড়াঙ্গনে রাজশাহীর পথচলার শুরুটা হলো রঙিন।