একটি আসনও পেল না জাতীয় পার্টি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবি হয়েছে জাতীয় পার্টির (জাপা)। দলটি ১৯৬টি আসনে প্রার্থী দিলেও একটিতেও জয় পায়নি।

নির্বাচনে জাতীয় পার্টির দুর্গ বলে খ্যাত রংপুর বিভাগে ইতিহাসের বড় ধস নামল দলটির। বিভাগের কোনও আসনেই জয় পায়নি জাতীয় পার্টি। শুধু তাই নয়, ভোটের লড়াইয়েই টিকে থাকতে পারেননি দলের চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

বেসরকারি ফল অনুযায়ী, রংপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. মাহবুবুর রহমান বেলাল ১ লাখ ৫৭ হাজার ৪০৩ ভোট পেয়ে বিজয়ী হন। বিএনপির প্রার্থী সামসুজ্জামান সামু ৭৪ হাজার ১৭১ ভোট নিয়ে দ্বিতীয় স্থানে থাকেন। অন্যদিকে জাপা চেয়ারম্যান জিএম কাদের পান ৩৭ হাজার ৯৩৩ ভোট।

নির্বাচনের দিন জিএম কাদের নিজে ভোটকেন্দ্রে যাননি। তিনি সারাদিন নগরীর নিউসেনপাড়া এলাকার বাসায় ছিলেন। যদিও দলের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, ভোটের দিন সকালে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেবেন।

রংপুরের বাইরেও জাতীয় পার্টির পরাজয়ের ধাক্কা স্পষ্ট। গাইবান্ধা-১ আসনে জামায়াতের মো. মাজেদুর রহমান ১ লাখ ৪০ হাজার ৭২৬ ভোট পেয়ে নির্বাচিত হলেও সেখানে শামীম হায়দার পাটোয়ারী পান ৩৩ হাজার ৯৭৬ ভোট।