রাজধানীর টিকাটুলিতে সড়ক দুর্ঘটনায় ওমর ফারুক (৩৮) নামে অ্যামেরিকা প্রবাসী এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের আনসার সদস্য, পুলিশ ও কর্মচারীরা জানান, সকালে মিলন নামে এক সিএনজি অটোরিকশা চালক ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। তখন চিকিৎসকদের জানায়, টিকাটুলি মোড়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। স্থানীয়রা গুরুতর অবস্থায় মিলনের অটোরিকশায় উঠিয়ে দিয়েছেন। তবে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার পর ওই ব্যক্তিকে নামিয়ে রেখেই কৌশলে পালিয়ে যান তিনি। অটোরিকশাটিও ফেলে রেখে গেছেন।
এদিকে, খবর পেয়ে হাসপাতালে এসে নিহতের পরিচয় সনাক্ত করেন বড় বোন শিরিন আক্তার। তিনি জানান, ওমর ফারুক অ্যামেরিকার স্থায়ী নাগরিক। স্ত্রী, ৩ মেয়ে ও মাকে নিয়ে অ্যামেরিকায় থাকেন। তাদের বাড়ি মাদারীপুর শীবচর উপজেলার আজগরগাঁও কান্দি গ্রামে। তার বাবা মৃত গোলাম কুদ্দুস।
তিনি জানান, গত মাসের ২৮ তারিখ ওমর ফারুক বাংলাদেশে এসেছেন। চলতি মাসের ২০ তারিখ সকালে তার ফিরতি ফ্লাইট। বাংলাদেশে এসে টিকাটুলিতে হোটেল সুপার লিমিটেডে উঠেছিলেন। সেখান থেকেই পশ্চিম ধোলাইপাড়ে বড় বোনের বাসায় আসা-যাওয়া করতেন। শুক্রবার সকালে ফোনে তার মৃত্যুর খবর শুনতে পান তারা।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি ওয়ারী থানা পুলিশ তদন্ত করছে।