তারেক রহমানকে অভিনন্দন জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ।

এক বিবৃতিতে তিনি বলেন, এই বিজয় গণতন্ত্রের বিজয়। নানা প্রতিকূলতা ও অসাধারণ চ্যালেঞ্জ অতিক্রম করে বাংলাদেশের জনগণ ব্যালটের মাধ্যমে তাদের সুস্পষ্ট মতামত প্রকাশ করেছে। জনগণের এই রায় দেশের গণতান্ত্রিক চর্চাকে আরও সুসংহত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

এছাড়াও তার বিবৃতিতে দায়িত্ব পালনকালে প্রধান উপদেষ্টা হিসেবে ভূমিকা রাখা তার ‘প্রিয় বন্ধু’ মুহাম্মদ ইউনুস এর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তার নেতৃত্ব ও তত্ত্বাবধান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে আনোয়ার ইব্রাহিম বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন গতি ও শক্তি দিতে উভয় দেশ একযোগে কাজ করবে। পাশাপাশি মালয়েশিয়ার জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।