দেশের মসজিদে মসজিদে বিএনপির দোয়া কর্মসূচি পালন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় পেয়ে আনন্দ মিছিল ও সভা না করে দেশের মসজিদে মসজিদে দোয়া মাহফিল কর্মসূচি পালন করেছে বিএনপি। এ সময় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও দেশবাসীর প্রতি শুভ কামনায় জানিয়েছে দলটি।

আজ শুক্রবার বাদ জুমা দেশের বিভিন্ন মসজিদে এই কর্মসূচি পালন করেছে দলটি। এ ছাড়া সারা দেশে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, বিপুলসংখ্যক ভোটে বিজয়ী করায় ঢাকা মহানগরসহ দেশব্যাপী বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও দেশবাসীর প্রতি শুভ কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে। এ ছাড়া অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে।