রাজধানীর নৌবাহিনী হেডকোয়ার্টার মসজিদে জুমার নামাজ আদায় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নামাজ শেষে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নিরঙ্কুশ জয় এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়ায় অংশ নেন।
শুধু নৌবাহিনী মসজিদেই নয়, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সকল মসজিদে জুমার নামাজ শেষে এ ব্যাপারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বিএনপির পক্ষ থেকে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়েও একই সময়ে প্রার্থনার অনুরোধ জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি জানায়, জাতীয় নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর কোনো আনন্দ মিছিল বা সভা করা যাবে না। সেই সঙ্গে শুক্রবার জুমার নামাজের পর দেশব্যাপী দোয়া ও মোনাজাতে অংশগ্রহণের জন্য নেতাকর্মী ও সমর্থকদের প্রতি অনুরোধ জানানো হয়।