জামায়াত আমিরের সভাপতিত্বে চলছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক চলছে। দলটির আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর মগবাজারে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে দলটির একাধিক সূত্র জানিয়েছে, নির্বাহী পরিষদের সব সদস্যই বৈঠকে উপস্থিত আছেন। বৈঠকে বিভিন্ন সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে আলোচনা হচ্ছে।

এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এ সময় কেন্দ্রীয় কার্যালয়ের গেটের সামনে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তিনি কোনো বক্তব্য দেননি। সরাসরি কার্যালয়ের ভেতরে চলে যান তিনি।

বৈঠক শেষে সিদ্ধান্ত বা প্রস্তাবনার বিষয় সম্পর্কে সাংবাদিকদের জানানো হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।