তারেক রহমানকে মোদির ফোন, চমকপ্রদ বিজয়ের জন্য অভিনন্দন

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল ব্যবধানে জয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার বিকালে অনুষ্ঠিত ওই ফোনালাপে ভাবি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর পাশাপাশি তার কাজে সমর্থন দেওয়ার কথা জানান মোদি।

তারেক রহমানের সঙ্গে ফোনালাপের বিষয়টি উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় তিনি বলেন, ‘জনাব তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে চমকপ্রদ বিজয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমার শুভকামনা এবং বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তার প্রচেষ্টায় সমর্থন দেওয়ার কথা জানিয়েছি।’

মোদি উল্লেখ করেন, ‘গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে জড়িয়ে থাকা দুই প্রতিবেশি হিসেবে দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির ক্ষেত্রে ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।’

এর আগে সকালে এক এক্স বার্তায়ও নিরঙ্কুশ জয়ের পথে থাকা তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান তিনি। বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য শুভেচ্ছা জানিয়ে মোদী বলেন, ‘এই জয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে থাকবে ভারত।’

বৃহস্পতিবার অনুষ্ঠিত সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৯ আসনের মধ্যে ২০৯টিতে বিজয়ী হয়েছে বিএনপি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন জোটের শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন।

এছাড়া বিএনপি নেতৃত্বাধীন নির্বাচনি জোটে থাকা বিজেপি ও গণসংহতি আন্দোলন এবং গণঅধিকার পরিষদ একটি করে আসন পেয়েছে।

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং খেলাফত মজলিস একটি আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ৭টি আসনে এবং একটি আসন পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।