ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ (সংসদীয় আসন ১৮৯) আসনে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও ভোট কারচুপির অভিযোগ এনে ফলাফল স্থগিত এবং বিতর্কিত কেন্দ্রগুলোর পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন ওই আসনের বিএনপির প্রার্থী আমিনুল হক।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তিনি নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং অফিসার বরাবর একটি লিখিত আবেদন জমা দেন।
আবেদনপত্রে আমিনুল হক অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ এবং নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন করা হয়েছে। তিনি উল্লেখ করেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোটের আগের রাতে ব্যাপক অর্থ বিতরণ করেছেন, যার ভিডিও প্রমাণ রয়েছে। এছাড়া পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। বিশেষ করে ৪০টিরও বেশি কেন্দ্রে এজেন্টদের স্বাক্ষর ছাড়াই ফলাফল শিট প্রস্তুত করা হয়েছে। অনেক ক্ষেত্রে ভোট গণনার আগেই ফলাফল শিটে স্বাক্ষর নেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া এবং নির্দিষ্ট কিছু কেন্দ্রে ভোট শুরুর আগেই সিলমারা ব্যালট বই পাওয়ার মতো গুরুতর অভিযোগও আনা হয়েছে আবেদনে।
আবেদনকারী আরও জানান, ১ থেকে ২৯ নম্বর কেন্দ্র পর্যন্ত ঘোষিত মোট ভোটের সঙ্গে প্রিজাইডিং অফিসারদের দেওয়া ফলাফলে এবং ডাক ভোটের পরিসংখ্যানে বড় ধরনের গরমিল পাওয়া গেছে। সংবিধানের ১১৯ অনুচ্ছেদ অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা কমিশনের দায়িত্ব হলেও এ ক্ষেত্রে তার ব্যত্যয় ঘটেছে বলে তিনি মনে করেন।
এর আগে সহকারী রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার না পাওয়ায় তিনি এখন আরপিও-র ৯১এ ধারা অনুযায়ী ফলাফল স্থগিত করে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের মাধ্যমে ন্যায়বিচার চেয়েছেন।