ঝিনাইদহ-৪ আসনে তৃতীয় বিএনপির রাশেদ খান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে (কালীগঞ্জ ও সদরের আংশিক) বিএনপি মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান তৃতীয় হয়েছেন। তিনি পেয়েছেন ৫৫ হাজার ৬৭০ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে জানা গেছে, এ আসনে ১ লাখ ৪ হাজার ৩১ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু তালিব। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র কাপ-পিরিচ প্রতীকের সাইফুল ইসলাম ফিরোজ পেয়েছেন ৭৫ হাজার ৭৫০ ভোট।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাশেদ খানের বাড়ি ঝিনাইদহ-২ আসনের মুরারীদহ গ্রামে। নির্বাচনের আগে কখনো কালীগঞ্জে আসেননি তিনি। নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তিনি কালীগঞ্জে আসেন। এরপর তিনি ঝিনাইদহ-২ আসন থেকে ঝিনাইদহ-৪ আসনের আড়পাড়া এলাকায় ভোটার স্থানান্তর করেন।

ঝিনাইদহ-৪ আসনটি মূলত বিএনপি অধ্যুষিত হলেও বিএনপির মনোনয়ন না পেয়ে সাইফুল ইসলাম ফিরোজ স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে থাকায় রাশেদ খান তৃতীয় হয়েছেন বলে মনে করছেন এই আসনের ভোটাররা।

নির্বাচনে পরাজয়ের পর শুক্রবার  (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাশেদ খান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঝিনাইদহ-৪ আসনের নাগরিকদের ধন্যবাদ জানান। পোস্টে তিনি লিখেছেন, ‘আপনাদের অফুরন্ত ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ।’

যদিও নির্বাচনে জয় পাওয়া হয়নি, রাশেদ খান তাঁর সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সামনের দিনগুলিতে দেশের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।