সংসদে সবচেয়ে কম বয়সি হান্নান মাসউদ, বেশি মোশাররফ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিতে যাচ্ছেন সর্বকনিষ্ঠ ও প্রবীণতম দুই প্রার্থী। নির্বাচনের বেসরকারি ফলাফল ও প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে কম বয়সে এমপি হতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ। অপরদিকে সবচেয়ে বেশি বয়সি সংসদ সদস্য হতে যাচ্ছেন বিএনপির খন্দকার মোশাররফ হোসেন।

হলফনামার তথ্যমতে, হান্নান মাসউদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি। বর্তমানে তার বয়স ২৬ বছর ১ মাস। এবারের নির্বাচনেই প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারির নেতা হিসেবে পরিচিতি পাওয়া মাসউদ পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। তিনি ১১ দলীয় জোট-সমর্থিত প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক নিয়ে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে নির্বাচন করেন।

বেসরকারি ফলাফল অনুযায়ী, এই আসনে তিনি পেয়েছেন ৯১ হাজার ৮৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।

অপরদিকে সবচেয়ে বেশি বয়সি সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের জন্ম ১৯৪৬ সালের ১ অক্টোবর। বর্তমানে তার বয়স ৭৯ বছর ৪ মাস। তিনি কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বেসরকারি ফলাফলে ১ লাখ ৪১ হাজার ৪৪০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মনিরুজ্জামান পেয়েছেন ৯৪ হাজার ৮৪৫ ভোট।