মুক্তিযোদ্ধা আবু আইয়ুব বিশ্বাসের ইন্তেকাল

মাগুরার বীরমুক্তিযোদ্ধা জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু আইয়ুব বিশ্বাস (৭৬) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বৃহস্পতিবার রাতে মাগুরার হাটখোলা পাড়ার বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন তিনি। আবু আইয়ুব বিশ্বাস স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার দুপুরে তাকে শহরের ভায়না পৌর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। আইয়ুব বিশ্বাস মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম আব্দুর রশিদ বিশ্বাসের দ্বিতীয় ছেলে।

গতকাল সকাল ১০টায় আবু আইয়ুব বিশ্বাসের গ্রামের বাড়ি মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামের মাদ্রাসা চত্বরে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মান জানান। এ সময় মহম্মদপুর উপজেলা পরিষদ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দুপুর ২টায় তার কর্মস্থল মাগুরা জজ আদালত চত্বরে দ্বিতীয় জানাজা শেষে তাকে ভায়না পৌর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন মাগুরা-১ আসন থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং জেলা আইনজীবী সভাপতি মাহাবুবুর আকবর কল্লোল, সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগরসহ বিভিন্ন সামাজিক সংগঠন।