নরসিংদীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত

নরসিংদীর পলাশের ঘোড়াশাল এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মিনি ট্রাকের হেলপার আকাশ মিয়া (১৮) নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ মিয়া জামালপুর জেলার মেলান্দহ উপজেলার শেখ সাদি এলাকার লিটন মিয়ার ছেলে। তিনি টঙ্গীর হাজি মাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে টঙ্গী থেকে রায়পুরার উদ্দেশ্যে পণ্যবোঝাই একটি মিনি ট্রাক রওনা দেয়। সকাল ৫টা ৪০ মিনিটের দিকে ট্রাকটি ঘোড়াশাল বাইপাস সড়কে পৌঁছালে চালক পাশের একটি দোকানে চা পান করার জন্য গাড়ি থামান। এ সময় হেলপার আকাশ মিয়া ট্রাকের পাশে দাঁড়িয়ে মালামাল ঠিকভাবে বাঁধা আছে কি না তা পরীক্ষা করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা প্রাণ-আরএফএলের ভাড়ায় চালিত একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের পাশে দাঁড়িয়ে থাকা আকাশ মিয়ার মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।

খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং কাভার্ডভ্যানটি জব্দ করে। দুর্ঘটনার পর সড়কের দুই পাশে প্রায় দুই ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। সকাল ৮টার দিকে মরদেহ উদ্ধার শেষে যান চলাচল স্বাভাবিক হয়।

নিহতের মা আকলিমা বেগম টঙ্গী থেকে ছুটে এসে ছেলের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। তার আহাজারিতে ঘটনাস্থলে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। মিনি ট্রাকের চালক মামুন মিয়া দাবি করেন, কাভার্ডভ্যানের চালক ঘুমঘোর অবস্থায় গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে।

পলাশ থানার উপপরিদর্শক (এসআই) ইউনুস জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।