প্রধান অতিথি হতে চাই না, দেখা হবে স্কুলে স্কুলে: এমপি মাজেদ

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেছেন, আমি কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান অতিথি হতে চাই না। একজন বড় শিক্ষাবিদ বা খেলোয়াড়কে খুঁজে আনবেন প্রধান অতিথি হিসেবে। আমার থেকে পদে ছোট কোনও ব্যক্তির পর আমার নাম থাকলেও কোনও অসুবিধা নাই। নতুন ঈশ্বরগঞ্জ চাই, নতুন বাংলাদেশ চাই।

তিনি বলেন, আমি ছাত্রদের অনুপ্রেরণার জায়গায় থাকতে চাই, প্রধান অতিথি হিসাবে নয়। প্রত্যেক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জবাবদিহিতার জায়গায় থাকতে হবে।

শুক্রবার দিবাগত মধ্যরাতে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু তার ভেরিফায়েড ফেসবুক এক স্ট্যাটাসে এসব কথা বলেন।

অপর একটি স্ট্যাটাসে মাজেদ বাবু বলেন, আমি সবাইকে সতর্ক করলাম কোনও বিজয় মিছিল নয়, কোনও সংবর্ধনা নয়, কোনও ফুল নয়। বিশেষ করে কোনও শিক্ষক তো নয়ই। আপনাদের কাজ যত দ্রুত ক্লাসরুমে ফেরত যাওয়া এবং শিক্ষার পরিবেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। দেখা হবে স্কুলে স্কুলে।

মাজেদ বাবুর দুটি স্ট্যাটাস ইতোমধ্যে সামজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় বাসিন্দাদের মাঝে বেশ সাড়া ফেলেছে। দুটি স্ট্যাটাস নিয়ে মাজেদ বাবুকে প্রশংসায় ভাসাচ্ছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ-৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু দেশ রূপান্তরকে জানান, আমি কথার চেয়ে কাজ বেশি করতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সৃষ্টি ও যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তন করে একটি নতুন ঈশ্বরগঞ্জ গড়তে চাই।