বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের তরুণ নেতা তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে। আসুন, আমাদের দেশের আকাশে যে নতুন সূর্য উঠেছে সেই সূর্যের আলোয় আলোকিত হই। আমরা শান্তির বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশ গড়ে তুলতে চাই।
আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। অনুষ্ঠানটি শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানই হচ্ছেন ভবিষ্যতের প্রধানমন্ত্রী। তিনি আগামী কয়েক দিনের মধ্যেই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদ, ডা. এজেডম জাহিদ হোসেন।