ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৫১টি রাজনৈতিক দলের মধ্যে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে মাত্র ৯টি দল। এর মধ্যে চারটি ইসলামী ধারার রাজনৈতিক দল ৭২টি আসনে জয়লাভ করেছে। ১৯৭৩ সালের পর এই প্রথম একাধিক ধর্মভিত্তিক রাজনৈতিক দল একসঙ্গে সংসদে প্রবেশ করতে যাচ্ছে।
নির্বাচন কমিশন প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২৯৭টি আসনের মধ্যে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ২০৯টি আসনে জয়ী হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৬৮টি আসন পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ছাড়া গত বছরের জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি আসনে জয়লাভ করেছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, জামায়াতে ইসলামীর পাশাপাশি ইসলামী ধারার আরও তিনটি দল-ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিস-মোট চারটি আসনে জয় পেয়েছে। এর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং বাকি দুই দল একটি করে আসনে জয় পেয়েছে।
স্বাধীনতার পর ১৯৭৩ থেকে ২০২৪ সালের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে জামায়াতে ইসলামী ছাড়া অন্য কোনো ইসলামী দল সংসদে আসন পায়নি। এর আগে ২০০১ সালে ১৮টি এবং ২০০৮ সালে ২টি আসনে জয়ী হয়েছিল জামায়াত, যা ছিল মূলত বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার ফল। অন্যদিকে বাংলাদেশ তরিকত ফেডারেশন ও ইসলামী ঐক্যজোটের মতো দলগুলো গত পাঁচ দশকের বেশি সময়ে একটি আসনেও জয়লাভ করতে পারেনি।
দলীয় সূত্রে জানা গেছে, ‘রিকশা’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ-২ এবং মাদারীপুর-১ আসনে জয়লাভ করেছে। মাদারীপুর-১ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মাওলানা সাঈদ উদ্দিন আহমাদ হানজালা বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন।
ময়মনসিংহ-২ আসনে দলটির প্রার্থী মাওলানা মুহাম্মদুল্লাহ ১ লাখ ৪৬ হাজার ২০২ ভোট পেয়ে বিজয়ী হন। তিনি বিএনপির প্রার্থী মোতাহার হোসেন তালুকদারকে পরাজিত করেন, যিনি পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৪৩৮ ভোট।
অপরদিকে, ১১ দলীয় জোটের শরিক খেলাফত মজলিস ‘দেয়ালঘড়ি’ প্রতীকে সিলেট-৫ আসনে জয় পেয়েছে। এখানে মুফতি আবুল হাসান নির্বাচিত ঘোষিত হয়েছেন।
দেশজুড়ে প্রায় সব আসনে প্রার্থী দিলেও ‘হাতপাখা’ প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথমবারের মতো একটি আসনে জয় পেয়েছে। দলটির প্রার্থী মো. অলি উল্লাহ বরগুনা-১ আসনে বিএনপির প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লাকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বরগুনা-১ আসনে ইসলামী আন্দোলনের মো. অলি উল্লাহ ভোট পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ২৯১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ১৪৫ ভোট।