ফেনীতে জুলাইযোদ্ধার ওপর হামলা

ফেনীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন সায়েম উদ্দিন নামে আলোচিত জুলাইযোদ্ধাকে মারধর করেছে বিএনপি কর্মীরা।

শুক্রবার রাতে ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কোরবানপুর রাস্তার মাথায় তার ওপর হামলা করা হয়। সায়েম স্থানীয় মাছিমপুর এলাকার বাসিন্দা ও ফেনী আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার ফাজিল শ্রেণির শিক্ষার্থী।

এনসিপির ফেনী-৩ আসনের অ্যাম্বাসেডর আবদুল্লাহ আল জোবায়ের জানান, রাত ৮টার দিকে কোরবানপুর রাস্তার মাথায় সায়েমকে একা পেয়ে পার্শ্ববর্তী স্থানে ডেকে নেন বিএনপি কর্মীরা। সেখানে পূর্ব থেকে থাকা ৪-৫ জন তাকে কিল-ঘুষি, লাথিসহ আঘাত করতে থাকে। বেদম মারধর করে তাকে সেখানে ফেলে যায়। খবর পেয়ে জোবায়ের ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হামলাকারীরা মুখ পরিচিত ও বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত বলে সায়েম জানিয়েছেন। ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হবে। জেলায় কোনও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত যেই হোক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দলের পক্ষ থেকে পুলিশ সুপারকে অনুরোধ করা হয়েছে।