টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের ওপর হামলা, বাড়িঘর-ভাঙচুর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ।
আজ শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে লুৎফর রহমান খান আজাদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলাম। কিন্ত্র দল আমাকে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত করেন। তারপরও তৃণমূলের নেতাকর্মীদের দাবির প্রতি সম্মান জানিয়ে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করি।
তিনি আরও বলেন, নির্বাচনের পরের দিন ১৩ ফেব্রুয়ারি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওবায়দুল হক নাসির তার নির্বাচনী অফিস ভাঙচুর করে আমাদের নেতাকর্মীদের ওপর দায় চাপিয়ে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে। অথচ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীরা আমাদের কর্মীদের বাড়ি-ঘর ও ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা চালায় এবং তাদের আঘাতে বিভিন্ন এলাকায় আমার ১৫/২০ জন কর্মী মারাত্মক আহত হয়ে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বিগত ৩৭ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলের সঙ্গে সক্রিয় রাজনীতি করে আসছি। গণতন্ত্রের মা আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার হাত ধরে আমার রাজনীতিতে আগমন। দলের প্রতি আস্থা অর্জন করায় বার বার আমাকে দলীয় মনোনয়ন দেন এবং ঘাটাইলের জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করায় চার বারের এমপি এবং তিন বার মন্ত্রীত্ব পালনে সুযোগ পাই। আমি বিএনপিতে আছি থাকব।
এ সময় তার আহত নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।