মেসি যেনো বিশ্বকাপ জিততে না পারে- প্রার্থনা করেছিলেন রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো স্বীকার করেছেন, ২০১৪ সালের বিশ্বকাপে লিওনেল মেসি যেন শিরোপা জিততে না পারেন—সে জন্য তিনি প্রার্থনাও করেছিলেন। তাঁর ভাষায়, সেবার ফাইনালে মেসির হার দেখার পর তিনি ‘স্বস্তি’ অনুভব করেছিলেন।

রোনালদোকে নিয়ে তৈরি নতুন তথ্যচিত্রে পর্তুগিজ মহাতারকা এসব কথা বলেন। বিশেষ করে ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ—এই দুই আসরকে কেন্দ্র করে রোনালদোর মানসিক অবস্থার চমকপ্রদ দুই অধ্যায় সামনে এসেছে এই তথ্যচিত্রে

২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও জার্মানি। রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়াম–এ অনুষ্ঠিত অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ১–০ গোলে জার্মানির কাছে হেরে যায় আর্জেন্টিনা। ফলে অধরাই থেকে যায় মেসির বিশ্বকাপ জয়ের স্বপ্ন।

তথ্যচিত্রের বরাতে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, ফাইনালের আগে রোনালদো মা মেরির কাছে প্রার্থনা করেছিলেন—যেন কোনোভাবেই মেসির মাথায় বিশ্বকাপের মুকুট না ওঠে। ম্যাচ শেষ হওয়ার পর সেই মুহূর্তকে তিনি নিজের জন্য ‘স্বস্তির’ বলে উল্লেখ করেন।

তবে আট বছর পর সেই অনুভূতিই রোনালদোর জন্য বদলে যায় সম্পূর্ণ বিপরীতে। ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ জিতে  বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ করেন মেসি। দোহার লুসাইল স্টেডিয়াম–এ ফ্রান্সের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ম্যাচ ৩–৩ ড্র হয়। পরে টাইব্রেকারে ৪–২ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা।

ওই ম্যাচে মেসি জোড়া গোল করেন এবং টাইব্রেকারেও নিজের শট থেকে গোল আদায় করেন। পুরো টুর্নামেন্টে সাত গোল করে তিনি গোল্ডেন বুট দৌড়ে দ্বিতীয় হন, যেখানে আট গোল নিয়ে শীর্ষে ছিলেন কিলিয়ান এমবাপ্পে।

তথ্যচিত্রে রোনালদো অকপটে স্বীকার করেছেন, মেসির সেই বিশ্বজয় তাঁর জন্য ছিল একেবারেই ভিন্ন অনুভূতির, '২০১৪ সালে যেটা আমার জন্য ছিল স্বস্তি, ২০২২ সালে সেটাই হয়ে উঠেছিল আমার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্নের রাত।'