ঢাকা-৮ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভিডিও বার্তায় মির্জা আব্বাস বলেন, ভোটাররা দীর্ঘ সময় ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন এবং আমাকে তাদের মূল্যবান সমর্থন জানিয়েছেন। এ জন্য আমি তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই।
নির্বাচনের দিন সবচেয়ে উদ্বেগের মুহূর্ত সম্পর্কে তিনি জানান, কিছু কেন্দ্র থেকে তার পক্ষের ব্যালট বাতিল করা হচ্ছে-এমন খবর পেয়ে তিনি দুশ্চিন্তায় পড়েছিলেন। মির্জা আব্বাস বলেন, এটাই ছিল পুরো দিনের সবচেয়ে চিন্তার মুহূর্ত। আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন বলে মনে হয়েছিল। শেষ পর্যন্ত প্রমাণ হলো ধৈর্যের ফল ভালো হয়, তবে সময়টা সত্যিই খুব কষ্টকর ছিল।
নির্বাচনী পরিবেশ নিয়ে কথা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, নির্বাচন একটি উৎসব ও আনন্দের বিষয়, যুদ্ধক্ষেত্র নয়। কিন্তু কিছু মহল অপ্রয়োজনীয়ভাবে এটিকে সংঘাতমুখর করে তুলেছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচনের ক্ষেত্রটিকে নির্বাচনী ক্ষেত্রই রাখা উচিত ছিল। কিন্তু শুরু থেকেই কেবল নিজেকে হাইলাইট করার জন্য এটিকে যুদ্ধক্ষেত্রে পরিণত করা হয়েছে।
ঢাকা-৮ আসনের ফলাফল নিয়ে দেশব্যাপী সৃষ্ট আগ্রহের বিষয়ে মির্জা আব্বাস বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে তিনি নির্বাচন করায় মানুষের মাঝে বাড়তি কৌতূহল ছিল। তিনি আরও বলেন, আমাকে যেভাবে প্রকাশ্যে গালিগালাজ করা হয়েছে, সাধারণ মানুষ তা প্রত্যাশা করেনি। তাই ফলাফলের জন্য অনেকেই আগ্রহভরে অপেক্ষা করছিলেন।
নির্বাচনে নিজের কৌশল প্রসঙ্গে মির্জা আব্বাস দাবি করেন, তিনি কোনো বিশেষ কৌশল অবলম্বন করেননি। তবে তার বিরুদ্ধে একটি নেতিবাচক ন্যারেটিভ তৈরি করে নিজেকে হাইলাইট করার অপচেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও উল্লেখ করেন, এটি হয়তো তার প্রতিদ্বন্দ্বীর প্রথম নির্বাচন ছিল, কিন্তু তিনি নিজে বহুবার নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং অতীতে শক্তিশালী অনেক প্রার্থীর মুখোমুখি হয়েছেন। মির্জা আব্বাস শেষে বলেন, এই নির্বাচনটি সত্যিই একটু ব্যতিক্রম হয়ে গেছে।