মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জসিম হত্যা: স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের জেলা সদরে নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জসিম নায়েব (২৮) হত্যার ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শাকিল আহমেদখে ৩৫) বহিষ্কার করা হয়েছে।

শনিবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজী মোহন ও সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লার সাক্ষরিত এক পত্রে তাকে বহিষ্কার করা হয়।

এ ব্যাপারে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজী মোহন জানান, জসিম হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে। ওই হত্যকাণ্ডে জড়িত হিসেবে স্বেচ্ছাসেবক দলের নেতা শাকিলের নাম উঠে এসেছে। তাই তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।

প্রসঙ্গত, নির্বাচন পরবর্তী গত শুক্রবার দুপুরে সদর উপজেলার আধারা ইউনিয়নের চরআব্দুল্লাহ গ্রামে প্রতিপক্ষের হামলায় পরাজিত স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক জসিম নায়েব নিহত হন। তিনি ওই গ্রামের মাফিক নায়েবের ছেলে। প্রতিপক্ষ নাসির আহমেদ বিজয়ী বিএনপি দলীয় প্রার্থী মো. কামরুজ্জামান রতনের সমর্থক। বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা শাকিল হত্যার ঘটনার প্রতিপক্ষ নাসির আহমেদের ছেলে।