নির্বাচনে হারলেও দেশ ছাড়ছেন না তাসনিম জারা

নির্বাচনে হেরেছেন, কিন্তু লড়াই থামাছেন না। ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি কোথাও যাচ্ছেন না-দেশেই থেকে যাবেন, কাজ করে যাবেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক দীর্ঘ পোস্টে নির্বাচন পরবর্তী বিভিন্ন ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করেছেন তিনি। এ আসনে তাসনিম জারা পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট, আর বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের হাবিবুর রশিদ ১ লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়ে।

নির্বাচনের ফল ঘোষণার পর অনেকেই ধারণা করছিলেন তিনি হয়তো যুক্তরাজ্যে ফিরে যাবেন। সে গুঞ্জনের অবসান ঘটিয়ে তাসনিম জারা লিখেছেন, অনেকে ভাবছেন নির্বাচন শেষ হলেই হয়ত আমি যুক্তরাজ্যে ফিরে যাব। আমি কোথাও যাচ্ছি না। আমার শেকড় এই মাটিতে, আমার কাজও এখানে। একটিমাত্র নির্বাচনের জন্য আমরা এই পথচলা শুরু করিনি।

পোস্টে তিনি ঢাকা-৯ আসনে বিজয়ী প্রার্থী হাবিবুর রশিদকে ফোন করে শুভেচ্ছা জানানোর কথাও উল্লেখ করেন। জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য আমি বিএনপিকে অভিনন্দন জানাই। ঢাকা-৯ ও বাংলাদেশের মানুষের স্বার্থে তাঁদের সাফল্য কামনা করি, লেখেন তিনি।

তবে এর পাশাপাশি সতর্কও করেছেন, আমরা একটি গঠনমূলক শক্তি হিসেবে কাজ করব। জনকল্যাণমূলক উদ্যোগে আমাদের সমর্থন থাকবে। কিন্তু মানুষের জন্য ক্ষতিকর কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব।

প্রথমবারের মতো নির্বাচন করে ৪৪ হাজারের বেশি ভোট পাওয়াকে তিনি ‘বিশাল ফাউন্ডেশন’ হিসেবে দেখছেন। তাঁর ভাষ্য, এই ফল প্রমাণ করেছে মানুষ পরিচ্ছন্ন রাজনীতি চায়। তিনি তাঁর স্বেচ্ছাসেবক ও নারী সমর্থকদের বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। লিখেছেন, আমাদের ক্যাম্পেইনে নারীদের অভূতপূর্ব অংশগ্রহণ ছিল এক বড় প্রাপ্তি। যে কিশোরী বা তরুণীরা এই প্রচারণা আগ্রহ নিয়ে দেখেছো, তোমাদেরকে বলছি: স্বপ্ন দেখতে ভয় পেয়ো না।

পোস্টের শুরুতে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া আন্দোলনকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লেখেন, গণতন্ত্রের যে স্বাদ আমরা পাচ্ছি, তা তাঁদের অকল্পনীয় আত্মত্যাগের ফসল।

সবশেষে তিনি তাঁর স্বেচ্ছাসেবক ও সমর্থকদের মন খারাপ না করার আহ্বান জানিয়ে লিখেছেন, আমাদের সেরা সময় এখনো সামনে।