জামালপুর

৩০ বছর পর সদর আসনে বিএনপির প্রার্থীর জয়

দীর্ঘ ৩০ বছর পর জামালপুর-৫ (সদর) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী জয় পেয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো.ওয়ারেছ আলী মামুন নির্বাচিত হয়েছেন।

জানা যায়, জামালপুর-৫ (সদর) আসনে ১৯৯১ সালে বিএনপির প্রার্থী বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক জয় পেয়েছিলেন। তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯৬ সাল থেকে ২০২৪ পর্যন্ত এ আসনে আওয়ামী লীগের প্রার্থীরা জয় লাভ করেন। ফলে টানা ৩০ বছর বিএনপির প্রার্থীরা জয়লাভ করতে পারেন নি। এবারের নির্বাচনে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছেন বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো.ওয়ারেছ আলী মামুন।

ভোটের দিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে গভীর রাতে ফলাফল ঘোষণা করা হয়। ১৬২টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শাহ্ মো.ওয়ারেছ আলী মামুন পেয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৩৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাড়িপাল্লার প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২০১ ভোট। এতে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মামুন ৮৬ হাজার ১৪৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। ফলাফল ঘোষণার পরপরই দলীয় নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

জেলায় ৬২৩টি ভোটকেন্দ্রে ২১ লাখের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পাঁচটি সংসদীয় আসনে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।