প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ফুল দিয়ে মাসুদ সাঈদীর শুভেচ্ছা

পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সংসদ সদস্য মাসুদ সাইদী তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের বাসায় গিয়ে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জেলা জামায়াত নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি অধ্যক্ষ আলমগীর হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় ফুলের শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখের মাধ্যমে এক সৌহার্দ্যপূর্ণ ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিজয় লাভের পরপরই মাসুদ সাঈদী ঘোষণা দেন, দল-মত নির্বিশেষে তিনি পিরোজপুরের সকল মানুষের জন্য কাজ করবেন। তিনি বলেন, আমাদের লক্ষ্য একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সম্ভাবনাময় পিরোজপুর গড়ে তোলা।

গতকাল শুক্রবার চন্ডিপুর বাজারে আয়োজিত এক সমাবেশে তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোরভাবে নির্দেশ দেন, বিএনপিসহ কোনো দলের নেতাকর্মীদের প্রতি যেন কোনো ধরনের সহিংস বা উসকানিমূলক আচরণ না করা হয়। এ ছাড়া তিনি বিএনপির কার্যালয়ে গিয়ে বিভিন্ন নেতাকর্মীদের খোঁজ-খবর নেন।

সাক্ষাৎকালে মাসুদ সাঈদী বলেন, আমরা সকলে মিলে-মিশে একটি সুন্দর ও সম্ভাবনাময় পিরোজপুর গড়ে তুলব। আমাদের মাঝে দলীয় বিভাজন নয়, থাকবে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পিরোজপুর সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান, জামায়াত নেতা রাকিবুল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।