পল্টনে ছিনতাইয়ের শিকার ঢাবির নারী শিক্ষার্থী

রাজধানীর পল্টন মোড়ে ছিনতাইকারীর কবলে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী। মোহনা জামান (২৫) নামে ওই শিক্ষার্থীর কানের লতি ছিড়ে স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে গেছে। আহত শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

শনিবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। এরপর একাই চিকিৎসার জন্য হাসপাতালে আসেন তিনি।

হাসপাতালে ওই শিক্ষার্থী জানান, রাত ৮টার দিকে কমলাপুর থেকে রিকশায় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিলেন তিনি। পথে পল্টন মোড়ে ছিনতাইকারীরা রিকশার পিছন থেকে তার বাম কানের দুল ধরে টান দেয়। টান দিয়ে কানের লতি ছিড়ে কানের দুল নিয়ে পালিয়ে যায়।

তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে পড়েন তিনি। থাকেন রোকেয়া হলে। বাড়ি যশোরের চৌগাছা উপজেলায়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, ওই শিক্ষার্থী জরুরি বিভাগের নাক, কান, গলা বিভাগে চিকিৎসা নিয়ে চলে গেছেন।