৪৭ বছর পর এমপি পেয়ে উল্লাসে ভাসছে শ্রীপুর

৪৭ বছর পর সংসদ সদস্য পেয়েছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার লোকজন। নিজ ঘরের সন্তানকে এমপি পেয়ে উল্লাসে ভাসছেন এলাকাবাসী। যতবারই নির্বাচন হয়েছে, এলাকার কেউ নির্বাচিত হতে না পারায় আক্ষেপ দেখা দেয়। কিন্তু এবারের নির্বাচনে গাজীপুর-৩ আসন থেকে বিএনপির হয়ে বাজিমাত করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। বিপুল ভোটে তিনি জয়ী হয়েছেন।

প্রায় পাঁচ দশক পর শ্রীপুরের স্থানীয় বাসিন্দাকে সংসদ সদস্য বানালেন ভোটাররা। স্বাধীনতার পর এই প্রথম স্থানীয় বাসিন্দা (শ্রীপুর থেকে) বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ওই আসনে বিএনপি থেকে নির্বাচিত হওয়া বা নির্বাচন করা সবাই ছিলেন এলাকায় বাইরের বাসিন্দা।

এ নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ, হতাশা বিরাজ করত। এবার এলাকার মানুষকে নির্বাচিত করতে পেরে তারা দারুণ উচ্ছ্বসিত। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু ১৬১ হাজার ২৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার গ্রামের বাড়ি শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী। তার বাবার নাম মৃত ছামছুদ্দীন। তিনি ছাত্রদলের রাজনীতি দিয়ে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১-দলীয় জোটের (বাংলাদেশ খেলাফত মজলিস) প্রার্থী মাওলানা মোহাম্মদ এহসানুল হক। তিনি ভোট পান ৯৯ হাজার ৩৫৪ ভোট।

শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারি দেশ রূপান্তরকে বলেন, ‘স্বাধীনতার পর এই প্রথম শ্রীপুরের স্থানীয় কোনো প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে জয় পেলেন। নেতাকর্মীরা মাঠে দারুণ চাঙা ছিলেন। দিন-রাত পরিশ্রম করে বিপুল ভোটে বিজয়ী করেছেন। আমাদের এমপি খুবই স্বচ্ছ রাজনীতিবিদ। তার একটা ক্লিন ইমেজে কর্মীদের গতি এনে দিয়েছে। আশা করি, তার হাত ধরেই আধুনিক ও বাসযোগ্য সংসদীয় অঞ্চল হবে।’