বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল রিটেইল চেইন আড়ং আজ ঢাকার পার্শ্ববর্তী সবচেয়ে দ্রুত বিকাশমান অঞ্চল সাভারে তাদের ৩৩তম আউটলেট উদ্বোধনের ঘোষণা দিয়েছে, যা প্রতিষ্ঠানটির সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দুই তলা জুড়ে প্রায় ১১,০০০ বর্গফুট আয়তনের এই নতুন আউটলেটটি সাভার এলাকার ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা পূরণের লক্ষ্যে এবং পরিপূর্ন এক রিটেইল অভিজ্ঞতা দেওয়ার জন্য পরিকল্পিত।
সাভার আউটলেটে আড়ংয়ের জনপ্রিয় সাব-ব্র্যান্ড- তাগা, তাগা ম্যান এবং আড়ং আর্থ, এর পাশাপাশি রয়েছে নান্দনিক পোশাক, গয়না, হোম ডেকর, অ্যাক্সেসরিজ এবং স্কিনকেয়ার পণ্যের বিস্তৃত সংগ্রহ। সমকালীন নকশা ও ঐতিহ্যবাহী কারুশিল্পের সুনিপুণ সমন্বয়ে সাজানো এই পরিমিত ও সুপরিকল্পিত পরিসরটি গ্রাহকদের জন্য ফ্যাশন, লাইফস্টাইল এবং সচেতন জীবনধারার এক সমন্বিত গন্তব্য হয়ে উঠবে।
“আমাদের সাভার আউটলেটের উদ্বোধন দীর্ঘদিনের প্রতীক্ষিত, এবং এটি এই অঞ্চলের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ও রূপান্তরের প্রতিফলন। এই নতুন পরিসরের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের আরও কাছাকাছি আসতে চাই, আড়ংকে আরও সহজলভ্য করে তোলার পাশাপাশি যে সম্প্রদায়কে আমরা সেবা দিই, তাদের সঙ্গে আমাদের সম্পর্ককে আরও নিবিড় করতে চাই। সাভার, ঐতিহ্য ও আধুনিক জীবনের এক প্রাণবন্ত সংমিশ্রণ, এবং এই আউটলেটটি সেই চেতনার প্রতি একাত্মতা প্রকাশের জন্যই আমরা নিয়ে এসেছি,” বলেন তামারা হাসান আবেদ, ম্যানেজিং ডিরেক্টর, ব্র্যাক এন্টারপ্রাইজেস।
ব্র্যাক-এর একটি সামাজিক উদ্যোগ হিসেবে আড়ং বাংলাদেশের কারুশিল্পের ঐতিহ্য উদযাপন, টেকসই হস্তশিল্পের প্রসার এবং দেশের বিভিন্ন অঞ্চলের গ্রামীণ কারিগর ও সম্প্রদায়ের ক্ষমতায়নে তাদের অঙ্গীকার অব্যাহত রেখেছে।