পেটের সমস্যায় ভুগতে থাকা অভিষেক শর্মাকে নিয়ে গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল পাকিস্তান অধিনায়ক সালমান আগাকে। তিনি বলেছিলেন, 'আমরা ভারতের সেরা একাদশের বিপক্ষেই খেলতে চাই। অভিষেক একজন ভালো খেলোয়াড়। আশা করি, সে সুস্থ হয়ে ম্যাচটি খেলবে।'
সালমানের সেই মন্তব্য পরে সূর্যকুমার যাদবকে তুলে তুলে ধরলে ভারত অধিনায়ক মুচকি হেসে বলেছিলেন “পাকিস্তান যদি অভিষেককে খেলতে চায়, তাহলে সে খেলবেই।”
অভিষেক শেষপর্যন্ত ফিরেছেন আজকের পাকিস্তানের বিপক্ষে ম্যাচে। কিন্তু কলম্বোতে আজ যেটা হলো তা বিস্ময়কর। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়া সালমান আগা নিজেই শুরু করলেন বোলিং। এবং ষষ্ঠ বলেই অভিষেক শর্মাকে আউট করে দিলেন। তাঁর অফ স্পিনে ওভারের শেষ বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিয়ে আউট হয়েছেন অভিষেক শর্মা (০)। সালমানের এই সিদ্ধান্তকে মাস্টারস্টোক বলছেন বিশেষজ্ঞরা।
আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে এ নিয়ে ১৪ তম ইনিংসে বোলিংয়ে সালমান। বোলিংয়ে ওপেন করলেন দ্বিতীয়বার।