নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৪০ বাসভবন, ৫০ গাড়ি

আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে বিএনপির নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা। ইতোমধ্যে নতুন মন্ত্রী-উপমন্ত্রীদের জন্য আবাসন ও গাড়ির প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে সরকার।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রীদের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় ৪০টি বাড়ি প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া সরকারি যানবাহন অধিদপ্তর ৫০টি গাড়ি মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার অপেক্ষায় প্রস্তুত রেখেছে।

মন্ত্রিপাড়ায় ১৫ বাংলোবাড়ি, ৩০ ফ্ল্যাট
রাজধানীর বেইলি রোড, গুলশান, ধানমন্ডি ও মিন্টো রোড এলাকা মন্ত্রিপাড়া হিসেবে পরিচিত। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, মন্ত্রিপাড়ার কয়েকটি বাড়ি বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ব্যবহার করছেন। কিছু বাড়ি ফাঁকা রয়েছে। যেসব বাড়িতে সংস্কারের প্রয়োজন, সেখানে হাইজেনিক ওয়াশ, বাথরুম ফিটিংস পরিবর্তন ও রঙের কাজ করা হবে।

কর্মকর্তা আরও জানান, মন্ত্রীদের আবাসন নিয়ে আপাতত কোনো সমস্যা হবে না। প্রয়োজনে চাহিদা অনুযায়ী আরও বাড়ি প্রস্তুতের ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রিপাড়ায় বর্তমানে ১৫টি বাংলোবাড়ি রয়েছে। বেইলি রোডে ‘মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট’ নামের তিনটি ভবনে ১০টি করে মোট ৩০টি ফ্ল্যাট রয়েছে। এর বাইরে গুলশান ও ধানমন্ডিতেও মন্ত্রীদের জন্য আবাসনের ব্যবস্থা আছে। সরকারের আবাসন পরিদপ্তরের তথ্যমতে, ঢাকায় মন্ত্রীদের বসবাসের জন্য মোট ৭১টি বাংলোবাড়ি ও ফ্ল্যাট সংরক্ষিত রয়েছে।

প্রধানমন্ত্রীর বাসভবন নিয়ে সিদ্ধান্ত হয়নি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন ‘যমুনা’ নতুন প্রধানমন্ত্রীর জন্য বিবেচনা করা হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত নির্দেশনা আসেনি।

স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন একীভূত করে প্রধানমন্ত্রীর নতুন আবাসন তৈরির সুপারিশ থাকলেও সেটিও এখনো চূড়ান্ত হয়নি বলে তিনি উল্লেখ করেন।

শপথের দিন ৫০ গাড়ি প্রস্তুত
নতুন মন্ত্রীদের জন্য ইতোমধ্যে ৫০টি গাড়ি প্রস্তুত রেখেছে সরকারি যানবাহন অধিদপ্তর। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গাড়ি প্রস্তুত রাখার নির্দেশনা পাওয়ার পরই এই উদ্যোগ নেওয়া হয়।

রাজধানীর আবদুল গণি রোডের যানবাহন অধিদপ্তর মিলনায়তনে দেখা গেছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ব্যবহৃত গাড়িসহ মোট ৫০টি গাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। বর্তমান উপদেষ্টাদের মধ্যে ১০ থেকে ১২ জন ইতোমধ্যে তাদের ব্যবহৃত গাড়ি জমা দিয়েছেন।

যারা নতুন সরকারে শপথের আমন্ত্রণ পাবেন, তাদের বাসা থেকে বঙ্গভবনে নিয়ে যাওয়ার জন্য এসব গাড়ি ব্যবহার করা হবে। ভিভিআইপি প্রটোকলে সব সময় কয়েকটি অতিরিক্ত গাড়ি প্রস্তুত রাখা হয়, যেন কোনো গাড়ি নষ্ট বা দুর্ঘটনায় পড়লে সঙ্গে সঙ্গে বিকল্প গাড়ি পাঠানো যায়।

বেশির ভাগ গাড়ি ক্যামরি ও ল্যান্সার ব্র্যান্ডের। গাড়ির সঙ্গে চালকও প্রস্তুত রাখা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন এসব চালক নতুন মন্ত্রীদের জন্য অপেক্ষায় আছেন।

সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) খায়রুল কবীর মেনন বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে আমরা আমাদের প্রস্তুতি নিয়েছি। শপথের দিন মন্ত্রিপরিষদ বিভাগ চূড়ান্ত করলে, সে অনুযায়ী গাড়ি দেওয়া হবে।

সূত্র জানায়, নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য সংখ্যা এখনো নির্ধারণ হয়নি। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চাহিদা দেওয়া অনুযায়ী যানবাহন অধিদপ্তর গাড়ি প্রস্তুত করবে।